বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতিতে বাড়িতে একা থাকার পরিপ্রেক্ষিতে এবার অভিনব এক পরামর্শ দিয়েছে নেদারল্যান্ডস সরকার। দেশটির সরকার পরামর্শ দিয়েছেন যে, এই পরিস্থিতিতে যারা একা আছেন সেক্ষেত্রে একজন ‘সেক্স বাডি’ বা যৌন বন্ধু খুঁজে নিতে পারেন আপনারা।
এ বিষয়ে দেশটির জাতীয় জনস্বাস্থ্য ও পরিবেশ ইন্সটিটিউট বলছে, বর্তমানে যারা একা আছেন তারা অন্য কারো সাথে ঘনিষ্ঠ হয়ে এমন একটা ব্যবস্থা করতে পারেন।
সেক্ষেত্রে করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন এমন কারোর সাথে যৌনমিলন করা উচিত হবে না বলেও সতর্ক করেছে ডাচ সরকার।
ডাচ সরকার নাগরিকদের জন্য প্রকাশিত এক নির্দেশিকায় বলেছে, যারা একা আছেন তারা এই মহামারির সময়েও শারীরিক সম্পর্ক চান। তবে একাকী কেউ যৌন সম্পর্কে লিপ্ত হতে চাইলে তাদের যেন ভাইরাস সংক্রমণ না হয়। সেক্ষেত্রে একজনের সাথে সম্পর্ক রাখাই সঠিক।
তবে দেশটির সরকার শুধুমাত্র একাকী থাকা ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু বলেনি, যুগল বা দম্পতিদের কথাও বলা হয়েছে পরামর্শে।
পরামর্শে বলা হয়: দু’জনের কোন একজনের দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলে তাদের উচিত হবে “বিকল্প সমাধান” বের করা।
নেদারল্যান্ডসে সামাজিক দূরত্ব রক্ষার সময় একাকী ব্যক্তিদের যৌনজীবন সংক্রান্ত কোন পরামর্শ দেয়া হচ্ছে না – লোকের মধ্যে থেকে এমন অভিযোগ ওঠার পর সরকার এই নির্দেশিকা জারি করেছে।
এতে সতর্ক করে দেয়া হয়, আপনি যত বেশি লোকের সাথে মিশবেন, করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি ততই বাড়বে।
উল্লেখ্য, নেদারল্যান্ডসে এ পর্যন্ত ৪৩,০০০ লোক কোভিড-১৯ পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার লোকের।
সূত্র: বিবিসি।

