লন্ডনের একটি মসজিদে আজান দেওয়ার সময় এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার রিজেন্ট পার্কের কাছে লন্ডন সেন্ট্রাল মসজিদে আসরের নামাজের আজান দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিকে ছয় মাস আগে একবার দেখা গিয়েছিল। আক্রমণকারী ওই মুয়াজ্জিন আজান দেওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন। যখন আজান দিতে যান, তখন মুয়াজ্জিনের ডান কাঁধে ছুরিকাঘাত করেন।
মুসুল্লিরা আহত ব্যক্তির নাম রাফাত (৬৯) বলে জানিয়েছেন। তিনি লন্ডন কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হত্যার চেষ্টার সন্দেহে একজনকে মসজিদ থেকে আটক করা হয়েছে। এছাড়া এটি কোনো জঙ্গি হামলা নয় বলেও জানায় পুলিশ। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

