যুক্তরাজ্যের লন্ডনে দক্ষিণ পশ্চিম ফুলহাম এলাকায় পারসনস গ্রিন স্টেশনে পাতাল রেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে ওই স্টেশনে টিউব রেলের একটি কামরায় হঠাৎই বিস্ফোরণ হয়। জঙ্গি হানা কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
সকালে যাত্রীরা তখন কাজে যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছিলেন। ডিস্ট্রিক্ট লাইনের একটি ট্রেন পার্সন্স গ্রিন স্টেশনে এসে থামে। ট্রেনটি স্টেশন ছাড়ার ঠিক আগের মুহূর্তেই একটি কামরায় বিকট শব্দ হয়। তত ক্ষণে চিত্কার-চেঁচামেচি, আর্তনাদে ভরে ওঠে স্টেশন চত্বর। আতঙ্কে লোকজন দৌড়তে শুরু করে দেয়। পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে।
এক প্রত্যক্ষদর্শী জানান, ‘একটা শব্দ শুনলাম। তাকাতেই দেখি ট্রেনের গোটা কামরাটায় দাউ দাউ করে আগুন জ্বলছে। ভয়ে, আতঙ্কে যাত্রীরা স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করতেই পদপিষ্ট হওয়ার উপক্রম হয় অনেকেরই।’
জানা যায়, কামরার ভিতরের রাখা একটি সাদা রঙের একটি বালতি থেকে বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ঢেকে যায় পুরো কামরা। সেই বিস্ফোরণে ওই কামরার যাত্রীদের অনেকেই ঝলসে যান। আহত হন বেশ কয়েক জন।
বালতিটি কোথা থেকে এল, কে বা কারা রাখল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা স্টেশন চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। বড়সড় কোনও নাশকতার ছক ছিল কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাস্থলে বম্ব স্কোয়াড গিয়ে তল্লাশি শুরু করেছে ট্রেনের আর কোথাও বোমা রয়েছে কিনা। দমকলের ৫০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বিস্ফোরণের পর পরই আতঙ্কে দৌড়োদৌড়িতে বেশ কয়েক জন পড়ে গিয়ে আহত হয়েছেন। পুলিশের তরফে ওই এলাকা এড়িয়ে চলার জন্য লোকজনকে অনুরোধ করা হচ্ছে।
