যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সেখানে কনসার্টে গুলিতে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে চার শতাধিক মানুষ। ক্যাসিনো থেকে উন্মুক্ত কনসার্টের ওপর নির্বিচারে চালানো গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
রোববার ছুটির রাতে মান্দালয় বে ক্যাসিনোর পাশে উন্মুক্ত চত্বরে রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট চলাকালে এ গুলির ঘটনা ঘটেছে।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো জানিয়েছেন, ওই ক্যাসিনোর ৩২ তলায় সন্দেহভাজন একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। স্টিফেন প্যাডক নামের ৬৪ বছর বসয়সী ওই ব্যক্তি একাই এ হামলা চালিয়েছেন বলে ধারণা পুলিশের।
আইএস তাদের বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে এবং প্যাডক কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে দাবি করেছে। তবে এর কোনও প্রমাণ তারা দেয়নি।
ওদিকে, পুলিশও প্রাথমিক খবরে প্যাডকের সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকার ব্যাপারে কোনও ধারণা দিতে পারেনি। প্যাডকের হামলার উদ্দেশ্য বা তার ধর্মীয় বিশ্বাস সম্পর্কেও পুলিশ কিছু জানাতে পারেনি। তবে সে সমস্যাগ্রস্ত ছিল বলে জানিয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, প্যাডক লাস ভেগাসের ৬০ মাইল উত্তর-পূর্বের ছোট্ট শহর মেসকুইট থেকে এসেছিলেন এবং ২৮ সেপ্টেম্বর থেকে একটি হোটেলে ছিলেন।
প্যাডকের সঙ্গী হিসাবে মারিলু ডেনলি নামের যে নারীকে প্রাথমিকভাবে খোঁজা হচ্ছিল তিনি হামলার সময় দেশের বাইরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্যাডক ওই নারীর পরিচয়পত্র ব্যবহার করেছিলেন বলেই ধারণা পুলিশের।
নিহত প্যাডক একজন স্থানীয় বাসিন্দা জানিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, মান্দালয় বে ক্যাসিনোর ৩২ তলা থেকেই পাশের খোলা জায়গায় কনসার্টে জড়ো হওয়া মানুষের ওপর অস্ত্রের গুলি চালানো হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, গান চলার মধ্যেই হঠাৎ স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির আওয়াজ শুরু হলে কনসার্ট থমকে যায়। গান শুনতে আসা দর্শকরা খোলা জায়গায় মাথা নিচু করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।
কয়েক সেকেন্ড বিরতির পর আবার গুলির শব্দ শুরু হয়; সেই সঙ্গে শুরু হয় আতঙ্কিত মানুষের ছুটোছুটি আর চিৎকার। পুলিশ লাস ভেগাস বুলেভার্ডের একটি অংশ বন্ধ করে দিয়ে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়।
ঘটনার পর লোহার ব্যারিকেড ভেঙে এবং হুইলব্যারোতে করেও আহতদের সরিয়ে নিতে দেখা যায় মানুষকে। বহু আতঙ্কিত মানুষ সে সময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও লাস ভেগাসের ম্যাকারান এয়ারপোর্টে আশ্রয় নেয়।
ওই বন্দুকধারী ব্যবহার করেছে এমন দুটি গাড়ির খোঁজে মান্দালয় বে ক্যাসিনোর আশপাশের বিভিন্ন হোটেল ঘিরে তল্লাশি চালায় পুলিশ। ম্যাকারান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘণ্টাখানেক বিমান ওঠানামা বন্ধ রাখে; দুই ডজন ফ্লাইটকে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমে লাস ভেগাসের আরও কয়েকটি জায়গায় গুলির খবর পাওয়ার কথা বলা হলেও পুলিশ জানায়, সেসব তথ্য সঠিক নয়।
গতবছর ১২ জুন ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের একটি নৈশক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করে এক যুবক। এতদিন পর্যন্ত সেটাই ছিল যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যার সবচেয়ে বড় ঘটনা, যার দায় স্বীকার করেছিল আইএস।
