লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ দেশটির ৪ নাগরিককে গুলি করে হত্যা করেছে মানবপাচারকারীরা। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।
ঘটনা সত্যতা নিশ্চিত করে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন।
লিবিয়ার ইংরেজি গণমাধ্যম দ্য লিবিয়া অবজারভার বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে তাদের ফেইসবুক পেজে জানায়, নিহত বাংলাদেশিরা মিজদা শহরে ওই মানবপাচারকারীর জিম্মায় ছিলেন। তাকে আগেই হত্যা করা হয়।
লিবিয়া প্রবাসী কল্যাণ ফোরামের ফেইসবুক পেজেও এই খবরটি দেয়া হয়েছে।
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত পাচারকারী মঙ্গলবার রাতে অভিবাসীদের হাতে কোনোভাবে খুন হন। এরপর তার সহযোগী এবং আত্মীয়স্বজনেরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে ২৬ জন বাংলাদেশিসহ মোট ৩০ জন মারা যান।
লিবিয়া-ভিত্তিক অভিবাসীদের আন্তর্জাতিক সংস্থার মুখপাত্র সাফা মেশেলি ভুক্তভোগীদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে রয়টার্সকে বলেন, ‘আমরা এই মাত্র খবরটি পেলাম। বিস্তারিত জানার চেষ্টা করছি। হাসপাতালে যারা আছেন তাদের সাহায্য কামনা করছি।’
তেলসমৃদ্ধ অর্থনীতির কারণে অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম ‘আকর্ষণীয়’ একটা দেশ। পাশাপাশি এই দেশ ব্যবহার করে অনেকে ইউরোপেও ঢোকার চেষ্টা করেন।

