দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০৬ দশমিক ৮৬ পয়েন্টে উন্নীত হয়। ৯ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ২৭০ দশমিক ১৪ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০।
তবে দশমিক শূন্য ৭ পয়েন্ট বা দশমিক শূন্য শূন্য ৫ শতাংশ কমে ১ হাজার ৩৮১ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৬ কোটি ২ লাখ ৬২ হাজার ৬১২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬২০ কোটি ৭ লাখ ৯৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬৭৯ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত ছিল ৪২টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮০৩ দশমিক ৭৯ পয়েন্টে উন্নীত হয়। ১২৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫১৭ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৩০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৮০৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৩ কোটি ৭০ লাখ ১০ হাজার ৩৫১ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।
