সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই বেচাকেনা কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে ৬ হাজার ২৫ দশমিক ২৭ পয়েন্টে নেমে যায়। ৩ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ২ হাজার ১৭৮ দশমিক ২৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। তবে ২ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৭ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৩ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ৭৪৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫২৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬১৫ কোটি ৬৮ লাখ ২৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৮ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১১ হাজার ৩০৭ দশমিক ৮৭ পয়েন্টে নেমে যায়। তবে ৭ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬০৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৬ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৯০০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩২ কোটি ৪০ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার ৩৫৮ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।
