ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এসময় রাষ্ট্রপতির সাথে তার স্ত্রী রাশিদা খানম সহ মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রয়েছেন।
বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব টি এস ত্রিমূর্তি। এসময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন।
নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রাকালে বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় কূটনৈতিক কোরের ডিন, ভারতের ডেপুটি হাই কমিশনার, তিন বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।
জানা যায়, শপথ অনুষ্ঠান শেষে ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন আবদুল হামিদ। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের ওই নৈশভোজে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও অংশ নেবেন।
এছাড়াও জানা গেছে, শুক্রবার সকালে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে আবদুল হামিদের সঙ্গে মোদীর সাক্ষাতের সূচিও রয়েছে। আরও জানা যায়, তিন দিনের সফর শেষে ওই দিন দুপুরে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য যে, মোদী প্রথমবার শপথ নেওয়ার সময় বাংলাদেশে পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

