শাবি ক্যাম্পাসে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত



সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ধারালো অস্ত্র নিয়ে অধ্যাপক জাফর ইকবালের উপর হামলা হয়েছে ।
আজ শনিবার বিকালে এ হামলার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অধ্যপক জাফর ইকবালের মাথা থেকে রক্তক্ষরণ হলেও তিনি কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানিয়েছেন।
হামলাকারী একজন ধরা পড়েছেন বলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা জানিয়েছেন। তাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আটকে রাখা হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ফেস্টিভ্যাল চলছিল ক্যাম্পাসের মুক্তমঞ্চে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাফর ইকবাল; সেখানেই তার উপর হামলা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, “বিকাল ৫টায় মঞ্চে ওঠার সময় পেছন থেকে মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, “মঞ্চের পেছন থেকে এসে এক ছেলে ছুরি মারে গলা, বুক ও মুখের দিকে। সঙ্গে সঙ্গে পুলিশসহ অন্যরা তাকে আটক করে।”
কী কারণে জাফর ইকবালের উপর এই হামলা হয়েছে, সে বিষয়ে কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন জাফর ইকবাল। র‌্যাগিংয়ের দায়ে পাঁচ ছাত্রের শাস্তি দেওয়া হলে তিনি বলেছিলেন, এদের শাস্তির পরিমাণ কম হয়েছে, তাদের পুলিশে দেওয়া উচিৎ। আবার এর পেছনে জঙ্গিদের হাত থাকতে পারে বলেও সন্দেহ রয়েছে অনেকের।