শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ




শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন নিখোঁজ হয়েছেন। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, শনিবার বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে ৪৫ বছর বয়সী মোতালেবকে তুলে নেওয়া হয়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, বসিলা ব্রিজের কাছে নিজের প্লটে বাড়ির নির্মাণ কাজ দেখতে শনিবার দুপুরের পর গ্রিন রোড স্টাফ কোয়ার্টার থেকে বেরিয়েছিলেন মোতালেব। সেখান থেকে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি ওই প্লটে পৌঁছান।
তিনি যখন বাড়ির নির্মাণ কাজ তদারকি করছিলেন, তখন মাইক্রোবাসে করে ৪-৫ জন লোক সেখানে যায় এবং দারোয়ানকে বলে, বাড়ি ভাড়া নেওয়ার জন্য তারা মোতালেবের সঙ্গে কথা বলতে চায়।
দারোয়ান তাদের জানায়, বাড়িওয়ালা আছেন ভবনের ছাদে। তখন তারা উপরে উঠে যায় এবং কিছু সময় পর বাড়ি ভাড়ার বিষয়ে কথা বলতে বলতে মোতালেবকে নিয়ে নিচে আসে। নিচে নামিয়ে আনার পর মোতালেবকে তারা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় বলে পরিবার অভিযোগ করেছে থানায়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ জানিয়ে গত বৃহস্পতিবার রাতে বনানী থানায় জিডি করেন তার শ্বশুর। এ ছাড়া আরও একজন কর্মকর্তার বাসায় গিয়ে অপরিচিত ব্যক্তিরা খোঁজখবর নিয়ে এসেছেন।