এবার ভারতে আরও কিছুটা শিথিল করা হয়েছে সরকারের জারি করা ‘লকডাউন’। তবে শর্তসাপেক্ষে পৌর এলাকার বাইরে দেশটিতে প্রায় ৫০ শতাংশ কর্মী নিয়ে দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে সেক্ষেত্রে সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক।
শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, গ্রামীণ এলাকায় রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের ‘শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ নথিভুক্ত সব দোকান খোলা রাখা যাবে। সেই তালিকায় রয়েছে আবাসন ও বাজারের দোকানও। অর্থাৎ শপিং মলের দোকান ছাড়া সব দোকান খোলা যাবে।
শর্তসাপেক্ষে শহরাঞ্চলে দোকান খোলায় সবুজসংকেত দিয়েছে কেন্দ্র। ‘শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ নথিভুক্ত পাড়া, আবাসন ও শপিং মলের সঙ্গে যুক্ত নয় এমন দোকান খোলা যাবে। তবে বাজারের দোকান ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দোকান খোলার ক্ষেত্রেও বিধিনিষেধ কিছুটা শিথিল করলেও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় জানানো হয়েছে, যে দোকানগুলি খোলা থাকবে, তাতে ৫০ শতাংশের বেশি কর্মী থাকতে পারবেন না। তাঁদের বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। একইসঙ্গে মাস্ক পরতে হবে।
তবে হটস্পট ও সংক্রামক এলাকায় কোনও ছাড় দেওয়া হয়নি। অর্থাৎ সেই এলাকাগুলিতে সব দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকান খোলা যাবে।

