শিরোনামহীন ছাড়লেন তানযীর তুহিন




জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ছাড়ছেন ব্যান্ডটির লিড ভোকাল তানযীর তুহিন। গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শিরোনামহীন ছাড়ার কথা নিশ্চিত করেন এই গায়ক।
ফেসবুকের স্ট্যাটাসে তানযীর তুহিন লেখেন, আমি তানযীর তুহিন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি, কিন্তু গান নয়।
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তানযীর তুহিন।  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন তিনি।
তুহিন বলেন, এ সময় ব্যান্ডের অন্য সদস্যদের আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি। আমি যখন অসুস্থ, আমাকে সুস্থ করার জন্য আমার পরিবার ছুটছে, তখন ব্যান্ডের সদস্যদের কাছে বন্ধুত্বের চেয়ে টাকা মুখ্য হয়ে যায়। তারা একটি শোও মিস করতে চায়নি। তাদের কত টাকার দরকার? তারা ভেবেছে আমি সুস্থ হব না, মঞ্চে আর গান গাইতে পারব না। আমার জায়গায় আরেকজন কণ্ঠশিল্পীকে যুক্ত করে তারা। আমি ‘শিরোনামহীন’ ব্যান্ডের ফাউন্ডার মেম্বার। দীর্ঘ ২১ বছর আমরা একসঙ্গে ছিলাম। আমি এই সময় নিজের কথা ভাবিনি, পেশার কথা ভাবিনি, পরিবারের কথা ভাবিনি। আমার সামনে ছিল ব্যান্ড, ভক্ত আর শ্রোতা। আমি শিরোনামহীন ব্যান্ড ছেড়ে দিয়েছি। আমি যদি এখন ব্যান্ডে থাকি, তাহলে আমাকে কিন্তু আরেকজন কণ্ঠশিল্পীকে সঙ্গে নিয়ে চলতে হবে। এটা আমি মেনে নিতে পারব না।
১৯৯৬ সালে আত্মপ্রকাশ করে শিরোনামহীন। ২০০০ সালে এতে প্রধান গায়ক হিসেবে যোগ দেন তুহীন। তাদের প্রথম অ্যালবাম ‘জাহাজী’ প্রকাশিত হয় ২০০৪ সালে। অভিষেক অ্যালবামেই বাজিমাত করে তারা। দলের বাইরে হাতে গোনা সিঙ্গেল গানে কণ্ঠ দেন তুহীন।
এদিকে তুহীনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নতুন গায়ক। তার নাম শেখ ইশতিয়াক। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শিরোনামহীন।