অস্তিত্বের সবটা জুড়েই রং-তুলির বিচরণ। মূর্ত অথবা বিমূর্ত ভাবনাগুলোকে তুলির আঁচড় দিয়ে তৈরি এক একটি চিত্রকর্ম। শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপমের এমন কিছু শিল্পকর্ম নিয়েই শুক্রবার আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী ‘অস্তিত্বের আখ্যান’।
জীবনভর রঙের সাধনা করে চলেছেন শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম। ক্যানভাসে রং-তুলির ছোঁয়াতে নিজের অস্তিত্বকে জানান দিতে চান তিনি। আর তাই তার জীবনের প্রথম একক চিত্র প্রদর্শনীর নাম ‘অস্তিত্বের আখ্যান’।
প্রথম চিত্র প্রদর্শনীতে নিজের অনুভূতি জানাতে শিল্পী অনুপম বলেন, ‘প্রথম প্রথমই। প্রথমের একটা আলাদা আনন্দ থাকে। সেই আনন্দে আছি আমি, তাই কথা বলতে পারছি না। কিন্তু আমি আসলে কথা বলেছই ক্যানভাসে। আমার ছবি আপনারা দেখবেন ক্যানভাসে। আমি রং দিয়ে কথা বলেছি।’
প্রদর্শনী উদ্বোধনের পরই দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে অলিয়েস ফ্রসেস’র লা গ্যালারী। বিমূর্ত ২৪ টি চিত্রকর্ম স্থান পেয়েছে লা গ্যালারীতে। শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৬ অক্টোবর পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন রবিবার বাদে প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।
