ধর্ষণ এখন সংবাদ মাধ্যমগুলোর একটা ক্যাটাগরি। কারণ প্রতিদিন এই ধরনের ঘটনা একটা-দুইটা নয় অনেকগুলো ঘটে।নিত্যদিন কেন এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রশ্নটি অবশ্যই বিতর্কের। উত্তরে আগে চলুন জেনে নেয়া যাক এমন দুটি ঘটনা।
গত ১২ ফেব্রুয়ারি সকালে এক গৃহবধূ খালাতো ভাই ও ভাবিকে সঙ্গে নিয়ে দাম্পত্য কলহজনিত সমস্যা নিয়ে রূপগঞ্জের কেয়ারীয়া এলাকার কবিরাজ লাল চান বাবুর বাড়িতে আসেন। সমস্যার কথা শুনে কবিরাজ চিকিৎসা বাবদ ৪০ হাজার টাকা দাবি করেন। পরে ২০ হাজার টাকায় রফা হলে গৃহবধূকে বাড়িতে রেখে যেতে বলেন।
পরে চিকিৎসার কথা বলে কবিরাজ গৃহবধূকে ঘরের ভেতরে রেখে ভাবিকে ঘর থেকে বের করে দিয়ে দরজার খিল এঁটে দেন। এরপর নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই গৃহবধূকে অর্ধচেতন করে ধর্ষণ করেন কবিরাজ। ঘটনার পরদিন ধর্ষণের অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা করেন গৃহবধূর খালাতো ভাই। সেই অভিযোগের ভিত্তিতে লাল চান বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ বিষয়ে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিকিৎসার কথা বলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন সেই কবিরাজ। এমনকি এর আগেও বিভিন্ন কৌশলে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলে স্বীকার করেছেন তিনি।
মাদারীপুরে গোসল করতে গিয়ে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার (৮ এপ্রিল) দুপুরে সাত বছর বয়সী ওই স্কুলছাত্রী স্কুল শেষে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরপাড়ে বড়শি দিয়ে মাছ ধরছিল অভিযুক্ত কিশোরটি। পুকুরের আশপাশে কেউ না থাকায় মেয়েটিকে ডাক দিয়ে পাড়ে তোলে সে। পরে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে কিশোরটি। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কিশোরটি পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল রাতেই মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় গতকাল সোমবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শিবচর থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে গতকাল রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কিশোর স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করত।
কেনো এমন হচ্ছে? জবাবে দেখা যায় এক পক্ষ বিপরীত পক্ষকে নানা দোষারোপের রোষানলেই ফেলছে। ফলাফলে সমাধান পরিবর্তে তিক্ততাই জমাট বাধে। সংবাদের অবসরে একটা মৌলিক বিষয় উঁকি দিচ্ছে, মানুষ কি মনুষ্যত্ব হারাচ্ছে, দিন দিন কি আবারও মানুষ বানরে পরিণত হচ্ছে… যৌনতায় এমন নির্দশন তো বানর সম্প্রদায়ের মধ্যে প্রকট। আহা ডারউইন যদি আজ বেঁচে থাকতেন…

