শিশুদের যেভাবে বিদেশি ভাষা শেখাতে পারেন


paperslife

বিদেশি ভাষা জানার বড় সুবিধা হলো কর্মক্ষেত্রের পাশাপাশি সামাজিকভাবে অধিক গুরুত্ব পাওয়া যায়। এছাড়া ভিনদেশি ভাষা শেখার অন্যতম বড় সুবিধা হলো এর মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি হওয়ার সাথে সাথে সৃজনশীলতাও বৃদ্ধি পায়। এর সাথে সঠিক সিদ্ধান্ত এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক দক্ষতার বিকাশ ঘটে।

কেউ যদি একটি বিদেশি ভাষা শিখতে পারেন, তাহলে তার জন্য অন্যান্য ভাষা শেখাও সহজ হয়ে যায়।

যে বিদেশি ভাষাটি আপানার সন্তানকে শেখাবেন, সেই ভাষার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সমস্যা হতে পারে মা-বাবা হিসেবে আপনি সেই ভাষাটি না-ও জানতে পারেন। তখন শুধুমাত্র সেই ভাষাটির মূল বিষয়গুলো নিজে শিখে বাচ্চাদের শেখাতে পারেন।

এছাড়া যেসব মাধ্যম থেকে আপনার বাছাই করা বিদেশি ভাষা শেখা সম্ভব, তার সবগুলোই ব্যবহার করবেন। যেমন- ভাষা শেখার বই, অ্যাপস, অনলাইন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ও বিভিন্ন গেমস। চাইলে সন্তানকে কার্টুন বা মুভি দেখানোর মাধ্যমেও বিদেশি ভাষা শেখাতে পারেন।

আপনার চারপাশে অনেক শিশুকে দেখবেন যারা অনর্গল হিন্দি বলছে এবং বুঝতে পারছে। তাদের পক্ষে এটা সম্ভব হয়েছে বিভিন্ন হিন্দি কার্টুন দেখার মাধ্যমে। এছাড়া ভাষা শেখার বিভিন্ন সরঞ্জাম কিনেও সন্তানকে বিদেশি ভাষা রপ্ত করানো সম্ভব। তবে শুধুমাত্র শিখলেই হবে না, এর সাথে প্রয়োজন সঠিক অনুশীলন বা পরীক্ষা। এক্ষেত্রে বিভিন্ন ইনস্টিটিউট বা সেই ভাষাভাষী মানুষের সহায়তা নিতে পারেন।

বর্তমান বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এই বিশাল গ্লোবাল ভিলেজে রয়েছে অসংখ্য দেশের কোটি কোটি মানুষের আনাগোনা। তাদের সাথে মিশতে হলে কিংবা একসাথে কাজ করতে হলে আপনাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে। আর এক্ষেত্রে প্রয়োজন একটি সাধারণ ভাষা। এজন্য ইংরেজিকে সবাই প্রাধান্য দিয়ে থাকেন।

কিন্তু ইউরোপের অনেক দেশ রয়েছে যেখানে ইংরেজির গুরুত্ব কম বা তারা ইংরেজি জানেন না। সেক্ষেত্রে তাদের সাথে ইংরেজির মাধ্যমে যোগাযোগ করা সম্ভব নয়। আপনি যদি জার্মান ভাষা জানেন তাহলে খুব সহজেই জার্মানদের সাথে ভাবের আদান প্রদান করতে পারবেন।