শুধু গোল দেয়া নয়, গোল করানোতেও সেরা মেসি




শুধু গোল করেই চুপ থাকেন না আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসি, গোল করানোতেও সেরা তিনি। গত চার মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোতে সবচেয়ে বেশি অ্যাসিস্টের পরিসংখ্যান সেটাই বলছে। যেখানে অন্য ফরোয়ার্ডরা নিষ্প্রভ , সেখানেই সাবলীল খুদে জাদুকর।
তাইতো বাকীদের নিষ্প্রভ পারফরম্যান্সের পরও বার্সেলোনার লিগ শীর্ষে আছে মেসির সুবাদেই। লা লিগায় প্রথম ৭ ম্যাচেই ১১ গোল করে ফেলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগে টানা দুই ম্যাচে গোল না পেলেও কাল ঠিকই আন্দ্রেস ইনিয়েস্তাকে দিয়ে গোল করিয়েছেন মেসি।
২০১৪-১৫ মৌসুম থেকে গতকাল পর্যন্ত বার্সা সতীর্থদের দিয়ে ৭০ গোল করিয়েছেন মেসি। এত দিন গোল করানোতে তাঁর সঙ্গে পাল্লা দিচ্ছিলেন কেভিন ডি ব্রুইন। ম্যানচেস্টার সিটি ও ভলফ্সবুর্গের হয়ে গত চার মৌসুমে সতীর্থদের ৬৯টি গোলে সহায়তা করেছেন বেলজিয়ান মিডফিল্ডার।
গতকাল মালাগার বিপক্ষে তাঁকে ছাড়িয়ে গেছেন মেসি। কালকের ম্যাচের পর লা লিগায় এ নিয়ে ৫০০ গোলের সঙ্গে যুক্ত হলো বার্সার সর্বকালের সেরা গোলদাতার নাম। ৩৯১ লিগ ম্যাচে ৩৬০টি গোলের সঙ্গে ১৪০টি গোলও করিয়েছেন মেসি। এর মধ্যে তাঁর সেরা সময় ছিল ২০১১-১২ মৌসুম। সেবার লিগে ৫০ গোলের পাশাপাশি ১৬টি গোলও করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। আর গোল করানোতে মেসির সেরা রূপ দেখা গেছে ২০১৪-১৫ মৌসুমে। ট্রেবল জেতানোর পথে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি গোলে সহায়তা ছিল মেসির।