আয়কর মেলা ২০১৭’র শেষ দিনে অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করেছেন করদাতারা। সপ্তাহব্যাপী আয়োজিত জাতীয় আয়কর মেলার শেষ দিনে সারাদেশে আদায় হয়েছে ৩১৭ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার টাকা।
এদিন দেশের বিভিন্ন অঞ্চলে মেলার বুথ থেকে সেবা নিয়েছে ১ লাখ ৭৩ হাজার ২৭ জন। আর রিটার্ন দাখিল করেছেন ৫৭ হাজার ৪শ’ ৩৭ জন করদাতা।
আর গেলো ৬ দিনে মেলা থেকে মোট আয়কর আদায় হয়েছে ১ হাজার ৭শ’ ৯১ কোটি ১২ লাখ ৭৩ হাজার টাকা। যা গেল বছরের মেলার প্রথম ৬ দিনে আয়কর আদায়ের চেয়ে ৬৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা বেশি।
সোমবার পর্যন্ত মেলায় রিটার্ন দাখিল করেছেন ২ লাখ ৬৯ হাজার ১শ’৫৪ জন করদাতা। আর মেলা থেকে সেবা নিয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯০ জন।
এদিকে, ব্যবসায়ীদের বার্ষিক বুক অব অ্যাকাউন্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আয়কর আইন অনুযায়ী বুক অব অ্যাকাউন্ট জমা দিতে হবে না বলে ২০০৮ সালে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, এ রায়ের ফলে ব্যবসায়ীদের কাছ থেকে বার্ষিক আয়কর আদায়ের পরিমাণ হাজার কোটি টাকা বাড়বে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, এতদিন আয়কর আইন অনুযায়ী বুক অব অ্যাকাউন্ট জমা দিতেন না ব্যবসায়ীরা। রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আপিল করন। এ বিষয়ে চার দিন শুনানি অনুষ্ঠিত হয়। এখন রায় অনুযায়ী আয়কর আইনের ৪ ধারা অনুযায়ী ব্যবসায়ীদের বুক অব অ্যাকউন্ট জমা দিতে হয়।
