দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক ঊর্ধ্বমুখি। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে ৬ হাজার ২৬৬ দশমিক ৩ পয়েন্টে নেমে যায়। ৬ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে ২ হাজার ২৭১ দশমিক ৪৮ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর দশমিক শূন্য ৭ পয়েন্ট বা দশমিক শূন্য শূন্য ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯০ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
আজ সারা দিনে ডিএসইতে ১৪ কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৮৬৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৮৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬৪৮ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত ছিল ৪২টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫৬ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭২৫ দশমিক ৭৪ পয়েন্টে নেমে যায়। তবে ১৯ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫১৬ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ২৭ কোটি ৪৬ লাখ ৩৭ হাজার ১৮ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩২ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ১৫৩ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৪৪টির ও অপরিবর্তিত ছিল ২৯টির বাজারদর।
