শেয়ারবাজার: মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন, বেচাকেনা বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৯ পয়েন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৩১ দশমিক ৭৪ পয়েন্টে উন্নীত হয়। তবে ৭ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে ২ হাজার ১৮১ দশমিক ৮৭ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ৬ দশমিক ৯ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৫ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৬ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৭১৪টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬১৫ কোটি ৬৮ লাখ ২৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫০২ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৮৪টির ও অপরিবর্তিত ছিল ২৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩১৬ দশমিক ৮২ পয়েন্টে উন্নীত হয়। তবে ১০৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৬০০ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার ৩৫৮ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৮০৬ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৬৫টির ও অপরিবর্তিত ছিল ১২টির বাজারদর।