শ্যাম্পেন খেয়ে ঘুমিয়ে পড়ল চোর




বেশ কায়দা করেই ছাদের দরজার তারের জাল কেটে বাড়িতে ঢুকেছিল চোর। কিন্তু ঘরে ঢুকতেই চোরের চোখে পড়ল একটা দামি শ্যাম্পেনের বোতল। এখন চুরি আর শ্যাম্পেনের মধ্যে দোটানায় পরে গেল সে। অতঃপর শ্যাম্পেনেরই জয়, আর তা সাবাড় করেই ওই বাড়িরই শোওয়ার ঘরে ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙল পুলিশের ডাকাডাকিতে।
মজার এই ঘটনাটি ঘটেছে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এসপারেন্সে।
বিবিসি সূত্র অনুযায়ী, বাড়ির মালকিন কাজ থেকে বাড়ি ফিরে দেখেন তাঁর শোওয়ার ঘরে ঘুমিয়ে রয়েছে এক অজ্ঞাত পরিচয় যুবক। পাশে টেবিলে পড়ে রয়েছে তাঁর সংগ্রহে রাখা দামি শ্যাম্পেনের খালি বোতল। ব্যাপারটা খানিকটা আন্দাজ করে বাড়ির বাইরে গিয়ে পুলিশকে ফোন করেন বাড়ির মালকিন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এসপারেন্স পুলিশের একটি।
এবিষয়ে এসপারেন্স পুলিশের এক কর্তা রিচার্ড মুর জানান, অভিযুক্ত বছর ছত্রিশের যুবকের নাম হেনরি উইলিয়ামস। মদ্যপ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কিছুটা সুস্থ হলে হেনরিকে চুরি এবং সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ৮ আগস্ট অভিযুক্তকে আদালতে তোলা হবে।