ষোড়শ সংশোধনী নিয়ে রিভিউ চেয়েছে সরকার




বহু আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন করছে রাষ্ট্রপক্ষ। ৯০৮টি রিভিউ আবেদনে ৯০টির বেশি যুক্তি রয়েছে।
আজ রোববার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি দায়ের করা হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, “এই রিভিউ আবেদনে রাষ্ট্রপক্ষ মোট ৯৪টি যুক্তি তুলে ধরেছে। রায়ে যেসব অপ্রাসঙ্গিক পর্যালোচনা এসেছে, তা বাতিল চাওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ সংক্রান্ত আইন হওয়ার আগেই আপিলের রায়ে ষোড়শ সংশোধনী বাতিল করা হয়েছে- যা আমাদের কাছে অপরিপক্ক মনে হযেছে। রিভিউ আবেদনে আমরা ওই রায় বাতিল চেয়েছি। আশা করি ৯৪টি গ্রাউন্ড বিবেচনায় নিয়ে আপিল বিভাগ রায় পুনর্বিবেচনা করবে এবং সংবিধানের ষোড়শ সংশোধনী বহাল থাকবে।
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়, যা ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত। সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবীর এক রিট আবেদনে হাই কোর্ট ২০১৬ সালে সংবিধানের ওই সংশোধনী ‘অবৈধ’ ঘোষণা করে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগ গত ৩ জুলাই রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিলে হাই কোর্টের রায়ই বহাল থাকে। ওই রায়ের মাধ্যমে জিয়াউর রহমানের সামরিক শাসনামলে প্রতিষ্ঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিচারকদের জন্য একটি আচরণবিধিও ঠিক করে দেওয়া হয়।