সংসদে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস




বৃহস্পতিবার সকাল ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন বসার পর নতুন অর্থবছরের জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়। রোববার ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দিন থেকে এ বাজেট কার্যকর হবে।
এর আগে, গত ৭ জুন অর্থমন্ত্রী মুহিত সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের উপস্থিতিতে তা পাস হয়।
অর্থমন্ত্রী বাজেট পেশ করার পর সেই বাজেটের ওপর ২২৩ জন সংসদ সদস্য মোট ৫৫ ঘণ্টা ৫৫ মিনিট আলোচনা করেন। বুধবার এই আলোচনা শেষ হয়।
আগামী অর্থবছরের বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ খাতের ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ৪৪৮টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাব আনেন।

ছাঁটাই প্রস্তাবগুলো ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও রেলপথ বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে। বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের আলোচনার পর সবগুলো প্রস্তাব কণ্ঠভোটে বাতিল হয়ে যায়।