কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ায় ভাড়া বাসা থেকে বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- মধু (৪২) এবং তার একমাত্র ছেলে মুগ্ধ (৭)। মধুর বাবার বাড়ি পশ্চিম মজমপুর গ্রামে।
২৭ জানুয়ারি দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সনাতন ধর্মাবলম্বী মধু স্বর্ণকারের কাজ করতেন। কয়েক বছর আগে তিনি শেফালী খাতুনকে বিয়ে করেন। মুসলিম ধর্মের মেয়েকে বিয়ে করায় পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার।
স্থানীয়রা জানান, ঘটনার দিন স্ত্রী শেফালী শহরের আলফার মোড় এলাকায় তার বাবার বাড়িতে ছিলেন। দুপুরের দিকে বাবার বাড়ি থেকে এসে ঘরে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্ত্রী শেফালী জানিয়েছেন, ‘আজ (শনিবার) সকালে আমার বাবার বাড়ি থেকে ছেলে মুগ্ধকে স্কুলে ভর্তি করার কথা বলে নিয়ে আমার স্বামী আসে। এরপর দুপুরে অনেকবার কল করলেও সে রিসিভ করেনি। পরে বিকেলের দিকে বাবার বাড়ি থেকে ভাড়া বাসায় এসে দেখি দরজা জানালা বন্ধ। পরে স্থানীয়রা জানালা ভেঙে দেখে দুজনের মরদেহ ঝুলছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানি না’।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ছেলেকে হত্যার পর মধু আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পেপার’স লাইফ/মো. মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার

