চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বাংলাদেশ দলের অবস্থা মোটেও ভালো নয়। দ্বিতীয় দিনেই ব্যাকফুটে চলে গিয়েছে সফরকারী দল। এরই মধ্যে এক অনন্য কীর্তির পাশে নাম লিখিয়েছেন বাংলাদেশের পেসার শফিউল ইসলাম।
দলীয় ৪১১ রানে শফিউলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন আমলা। উইকেট শিকার করে খুব একটা উদযাপন করেননি শফিউল। তিনি হয়ত জানেন না, এই উইকেটটি ছিল টেস্ট ক্রিকেটের সত্তর হাজারতম উইকেট।
১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই ম্যাচে প্রথম উইকেটটি নিয়েছিলেন ইংল্যান্ডের পেসার অ্যালেন হিল। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ওভারেই তিনি আউট করেছিলেন অস্ট্রেলিয়ার নাট থমসনকে। যা ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেট। আর আজ হাশিম আমলাকে আউট করে ৭০ হাজারতম উইকেটটি নিলেন বাংলাদেশের শফিউল ইসলাম।
