মঙ্গলবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের দেয়া এক বিবৃতিতে প্রাণঘাতী করোনার বিস্তার প্রতিরোধে কুয়েত সরকার বাংলাদেশের নাগরিকদের কুয়েতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বলে জানায়। এছাড়াও বাংলাদেশসহ আরও ১০ দেশের নাগরিকদের জন্যও এই শর্ত আরোপ করেছে দেশটির সরকার।
৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী দৈনিক গালফ নিউজ।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ছাড়াও ফিলিপিন্স, ভারত, শ্রীলঙ্কা, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের ওপর এই কড়াকড়ি কার্যকর হবে।
মধ্যপ্রাচের দেশগুলোর মধ্যে ইরানের পর কুয়েতেই সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল আরও জানায়, নির্দেশ অমান্য করা কোনো নাগরিককে ফেরত পাঠাতে অর্থ গুনবে না কুয়েত সরকার। নিজ খরচে তাকে ফিরে যেতে হবে। পাশাপাশি নির্দেশ অমান্য করার কারণে বহনকারী বিমান সংস্থাকে জরিমানা করা হবে।
তবে এই ১০ দেশের নাগরিকরা কুয়েত দূতাবাসের দেয়া সনদ দেখাতে পারলে কেবল তাদের সে দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে। সেই সনদে লেখা থাকবে ‘ওই যাত্রী করোনাভাইরাস থেকে মুক্ত’।

