ভারতের ওড়িশা রাজ্যে ১৮০-২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ফণী। তবে প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ওডিশা রাজ্যে বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল নয়টার দিকে আঘাত হেনেছে ফণী।সন্ধ্যার দিকে ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। আজ-কাল দুদিন ধরে দেশজুড়ে থাকবে ফণীর প্রভাব।
জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতে খুলনা হয়ে রংপুর ও রাজশাহী অতিক্রম করবে ৪ ক্যাটেগরির এই ঘূর্ণিঝড়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ বলেন, ফণী ওড়িশা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে। সেখান থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে বাংলাদেশের দিকে আসবে। আজ বিকেলের পর তা বাংলাদেশে প্রবেশ করতে থাকবে। বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে সন্ধ্যায়। সারারাত ফণী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল অঞ্চলের দিক থেকে ফরিদপুর, ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যাবে।
শামছুদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশে যখন ফণী প্রবেশ করবে, তখন এর গতি অর্ধেকে নেমে ৮০-১০০ কিলোমিটার হবে। ফণীর প্রভাবে আজ রাত ও কাল শনিবার সারা দিন বৃষ্টি থাকবে।
তিনি জানান, মোংলা, পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত বহাল রাখা হচ্ছে। আপাতত এর বেশি বাড়ছে না।
ঘূর্ণিঝড় ফণী’র সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নৌপরিবহন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বার : ০২- ৯৫৪৬০৭২। এছাড়া ঘূর্ণিঝড়ের যে কোনো খবর জানা যাবে ১০৯০ নাম্বারে।

