করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজারের বেশি মানুষ। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ।
এমন মহামারিতে স্থবির বিশ্বের জনজীবন। ইউরোপকে স্তব্ধ করে যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে ২ লাখেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ হাজারেরও বেশি।
করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ব্যাপকহারে করোনা ছড়িয়ে পড়ার ফলে পুরো দেশ এখন লকডাউন।
এর ফলে কাজের ক্ষেত্র হয়ে পড়েছে বন্ধ। এর ফলে দেশটিতে চাকরিহীন কিংবা কর্মহীন হয়ে পড়েছেন ১ কোটিরও বেশি মানুষ।
বৃটিশ দৈনিক দ্য ডেইলি মেইলের অনলাইন ভার্সনে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হচ্ছে, দেশটিতে দলে দলে মানুষ চাকরি হারাচ্ছেন কিংবা কর্মহীন হয়ে পড়ছেন।
২১ মার্চ পর্যন্ত শেষ হওয়া সপ্তাহের হিসাব প্রকাশ করে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার। সেখানে দেখা যাচ্ছে ৩.৩ মিলিয়ন (৩৩ লাখ) মানুষ চাকরিহীন অবস্থায় সহযোগিতার জন্য সরকারের কাছে আবেদন জমা দিয়েছে।
কিন্তু পরের সপ্তাহেই সেই আবেদনের পরিমাণ বেড়েছে দ্বিগুন। অর্থাৎ ২৮ মার্চ শেষ হওয়া সপ্তাহের হিসেবে দেখা যাচ্ছে- মাত্র সাতদিনের ব্যবধানে এই আবেদনকারীর পরিমাণ দাঁড়িয়েছে ৬.৬ মিলিয়ন তথা ৬৬ লাখ মানুষ।

