আফ্রিকার অনেক দেশের মানুষকে মাত্র ১ গিগাবাইট মোবাইল ব্রডব্যান্ড ডাটা কিনতে তাদের মাসিক গড় আয়ের পাঁচ ভাগের এক ভাগ পর্যন্ত ব্যয় করতে হয়।
মালয়েশিয়া, কলম্বিয়া, ভারত, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও ঘানার মতো মধ্যম আয়ের দেশ এবং নেপাল, মালি, হাইতি, লাইবেরিয়া, ইয়েমেন এবং মোজাম্বিকের মতো নিম্ন আয়ের দেশে গড় আয়ের তুনলায় ইন্টারনেটের মূল্য বিচার করে এ প্রতিবেদন দিয়েছে দ্য অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেট (এফোরএআই)।
প্রতিবেদনে বলা হয়েছে, হাতেগোণা কয়েকজন সম্পদশালী বাদে আফ্রিকার মানুষের জন্য ইন্টারনেট খুবই ব্যয়বহুল বিলাসপণ্য হয়ে রয়েছে। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ মানুষ যে এখনো ইন্টারনেট সংযোগের বাইরে থাকছে এটি তার অন্যতম কারণ বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের লেখকরা দাবি করছেন, আফ্রিকায় শ্লথ গতির বাজার এবং একচেটিয়া ব্যবসার কারণেই ইন্টারনেট ডাটার দাম এতো বেশি। একই সঙ্গে তারা এ সমস্যা নিরসনে বেশ কিছু পরামর্শও তুলে ধরেছেন।
এফোরএআই এর প্রতিবেদন অনুযায়ী, চাদ, কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণকে মাত্র ১ জিবি ইন্টারনেট কিনতে তাদের মাসিক গড় আয়ের ২০ শতাংশেরও বেশি ব্যয় করতে হয়। অথচ একই মহাদেশের সবচেয়ে সস্তা ইন্টারনেট পাচ্ছে মিশর ও মরিশাসের বাসিন্দারা। তাদের একই পরিমান ডাটা কিনতে যথাক্রমে মাসিক গড় আয়ের দশমিক ৫ এবং দশমিক ৫৯ শতাংশ ব্যয় করতে হয়।
তবে সার্বিকভাবে নিম্ন আয়ের দেশগুলোতে মধ্যম আয়ের দেশের তুলনায় ইন্টারনেটের খরচ দ্রুত কমছে। যদিও বহু ক্ষেত্রেই দাম এখনো গ্রাহক বিস্তারে বাধা হয়ে রয়েছে। এ কারণে বাজার উদারীকরণের তাগিদ দিয়েছেন গবেষকরা।

