২৫ জানুয়ারি ‘পদ্মাবত’র মুক্তি আটকাতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজস্থান ও মধ্যপ্রদেশ। অন্য দিকে, দেশের নানা প্রান্তে বিক্ষোভ আর তাণ্ডবও জারি রেখেছে রাজপুতদের সংগঠন করণী সেনা। তবে এই মুহুর্তে ‘পদ্মাবত’র পক্ষই নিল ভারতীয় সুপ্রিম কোর্ট।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সব রাজ্য সরকারকে ‘পদ্মাবত’-এর মুক্তির ব্যবস্থা করতেই হবে। আইনশৃঙ্খলার দোহাই দিয়ে যাঁরা ছবির মুক্তি আটকাতে বদ্ধপরিকর, বিশেষ করে তাঁদের প্রতি সুপ্রিম কোর্টের বক্তব্য, ‘এটা আদালতের নির্দেশ, মেনে চলাটাই কাম্য। আপনারা দর্শককে ছবি না দেখার অনুরোধ করতে পারেন। আদালতের নির্দেশ পালন করাটা সরকারের কর্তব্য।’
দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র জোর দিয়ে বলেছেন, ‘আমরা কোনও নির্দেশ দিলে সেটা সকলের মেনে চলাটাই কাম্য। যে কেউ এসে আইনশৃঙ্খলার অবনতির কথা বলে একটি ছবিকে নিষিদ্ধ করার কথা বলতে পারেন না। সেন্সর বোর্ডের অনুমতি পাওয়ার পর একটি ছবির প্রদর্শনী কখনওই বন্ধ করা যায় না।’
ছবির ট্রেলার মুক্তির পরই রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত আর হরিয়ানা সরকার জানিয়েছিল তারা তাদের রাজ্যে ছবিটি নিষিদ্ধ করতে চায়। কিন্তু গত ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করে জানিয়ে দেয়, শুধুমাত্র আইন-শৃঙ্খলার অবনতির দোহাই দিয়ে কোনও রাজ্য একটি ছবির মুক্তি নিষিদ্ধ করতে পারে না। সোমবার শীর্ষ আদালতের সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেছিল মধ্যপ্রদেশ এবং রাজস্থান সরকার। তৃতীয় আবেদনকারী ছিল করণী সেনা। এ দিন রাজস্থান, মধ্যপ্রদেশ ও করণী সেনার সব আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
ঐতিহাসিক কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’। চিতোরের রানী পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান।
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর
