সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগ থেকে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় সরে যাওয়াতে আজ আবারও উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ইউজিসি মিলনায়তনে এই বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি সব উপাচার্যের সঙ্গে বৈঠক করেই ইউজিসি এবার থেকে সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানোর আগে ইউজিসির পক্ষ থেকে জানানোও হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এতে রাজি হয়েছে।
কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েট আগের মতোই আলাদা ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ইউজিসির মধ্যেই।
ইউজিসির জনসংযোগ বিভাগের কর্মকর্তা শামসুল আরেফিন বলেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয় সমন্বিত পদ্ধতিতে এগিয়ে যাওয়ার পক্ষে। আজকের এ বৈঠকের মাধ্যমে আশা করি ভালো ফল আসবে। সবাই সমন্বিত ভর্তি পরীক্ষার আওতায় আসবেন।
এ বিষয়ে সভা শুরুর আগেই ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ বলেন, পাঁচটি বিশ্ববিদ্যালয় না এলেও বাকি সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় বসবে।

