সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার পরামর্শ




জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা কমপক্ষে ৬৫ বছর করার জন্য  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।
ধবার সংসদীয় কমিটির বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগপদ্ধতি বাতিল করে স্থানীয়ভাবে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার সুপারিশ করা হয়। এর পেছনে কমিটি যুক্তি দেখিয়েছে, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হলে দীর্ঘসূত্রতা ও অনিয়মের সুযোগ থাকে। তাই এ পদ্ধতি বাতিল করার সুপারিশ করা হয়। নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বাতিল করার সুপারিশও করেছে সংসদীয় কমিটি।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে উপজেলার আকার, ইউনিয়নের সংখ্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বিবেচনা করে বাস্তব অবস্থা বিবেচনার মাধ্যমে স্কুল-কলেজ সরকারীকরণের পরামর্শ দেওয়া হয়।
বর্তমানে সরকারি চাকরিতে ঢোকার সর্বোচ্চ বয়স ৩০ বছর। ২০১১ সালে সরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর পর ঢোকার বয়সও বাড়ানোর দাবি ওঠে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের কাছ থেকে।
তারা যুক্তি দেখায়, সরকারি নিয়ম অনুসরণ করে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলোও ৩০ বছরের বেশি বয়সীদের নিয়োগ দেয় না বলে বেসরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ সঙ্কুচিত হয়ে আসছে।
কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হয়, চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
কিন্তু সংসদীয় কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার পাশাপাশি অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করার ব্যবস্থা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।