সরকার অচল করে হলেও মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনার ফিনিক্সে ‘মেইক আমেরিকা গ্রেইট এগেইন’ সমাবেশের ভাষণে একথা বলেন ট্রাম্প।
গত মঙ্গলবার দেয়া এ ভাষনে যে কোন মূল্যে দেয়াল তোলার জন্য তহবিল নিশ্চিত করার ঘোষনা দিয়েছেন তিনি।
ট্রাম্পের চান অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার জন্য তহবিল নিয়ে কংগ্রেস একটি চুক্তিতে উপনীত হোক। কিন্তু সরকারের ব্যয় বরাদ্দ বিলে দেয়াল নির্মাণের তহবিল নিশ্চিত করতে হলে ডেমোক্র্যাটদের সমর্থন রিপাবলিকানদের প্রয়োজন। অথচ এ বিলে ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার সম্ভাবনা নেই। ৩০ সেপ্টেম্বর সময়সীমার মধ্যে কংগ্রেস তহবিল নিয়ে চুক্তিতে পৌঁছতে না পারলে সরকারে অচলবস্থা সৃষ্টি হবে। ডেমোক্র্যাটরা প্রকাশ্যেই দেয়াল নির্মাণের জন্য তহবিল নিয়ে চুক্তির বিরোধিতা করে আসছে।
ভাষণে ট্রাম্প বলেন, দেয়াল নির্মাণের বিরোধিতা করে ডেমোক্র্যাটরা ‘আমেরিকানদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।’
তিনি বলেন, সীমান্ত এলাকায় কর্মরত অভিবাসন কর্মকর্তারাই বলেছেন, অবৈধ অভিবাসীর ঢল ঠেকাতে এ দেয়াল নির্মাণ জরুরি।
ট্রাম্প দেয়াল তোলার জন্য ১৬০ কোটি ডলারের আবেদন জানিয়েছেন। তার এ আবেদনের মুখে কংগ্রেস ৩০ সেপ্টেম্বরের পর সরকারকে সচল রাখতে এ ধরনের ব্যয় বরাদ্দ বিল পাসের জন্য চাপে আছে। এ সময়সীমার মধ্যে বিলটি নিয়ে কোনও সুরাহা না হলে ১ অক্টোবর থেকে সরকার বন্ধ হয়ে যাবে।
এদিকে টানা এক ঘণ্টা বিশ মিনিটের এ ভাষণে ফের খুঁজে পাওয়া গেল সেই ‘রূঢ়’ প্রেসিডেন্টকে। ভার্জিনিয়ার শালর্টসভিলের শ্বেতাঙ্গ-হিংসা নিয়ে ‘অবিশ্বাস্যরকম নতুন বক্তব্যে’ চমকে দিলেন তাঁর হাজার হাজার সমর্থককে।
যেন শার্লটসভিল নিয়ে অতীতে নিজের বলা কথার ইতিহাস-ভূগোল সবই তিনি পাল্টে দিলেন এক নিমেষে! আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দুষে গেলেন মার্কিন সংবাদমাধ্যমের নির্বাচিত কিছু গোষ্ঠীকে। তারাই নাকি তাঁর মুখের কথা পাল্টে বিভ্রান্ত করেছে মানুষকে। গণমাধ্যমই কট্টর ডানপন্থিদের ‘দাঁড়ানোর জায়গা’ করে দিয়েছে বলে স্পষ্ট অভিযোগ করেন তিনি।
