`সরকার পতনের যে অলীক স্বপ্ন বিএনপি নেতারা দেখছেন ও কর্মীদের দেখাচ্ছেন তা বাস্তবে কখনো ঘটবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণ যতদিন চাইবে, শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবে। বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না।
তিনি বলেন, অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন ও জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী। বিশ্বের সব দেশই এ সংকট মোকাবিলা করছে ও আগামীতে সংকট গভীরতর হলে তা কীভাবে মোকাবিলা করবে তার দিশা খুঁজছে, অথচ বিএনপি মহাসচিব এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন।
আরও পড়ুনঃ “দায়িত্বজ্ঞানহীন কেউ যেন ক্ষমতায় না আসে”
তিনি বলেন, আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। বিশ্বব্যাপী এ সংকট আমাদের সৃষ্ট না হলেও, তার প্রভাব আমাদের দেশের ওপর পড়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দূরদর্শী বলেই, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন। বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন।
আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, একযুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙা করতে এমনটা বলে যাচ্ছেন। কিন্তু শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি বিএনপির দোয়াতেও সরকারের পতন হবে না।

