সরবরাহ সংকট: শুকনা মরিচ ও হলুদের দাম বাড়ছে




মজুদ ফুরিয়ে আসায় বাড়তে শুরু করেছে শুকনা মরিচ ও আস্ত হলুদের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে তিনদিনে মসলাপণ্য দুটির দাম কেজিপ্রতি ৩ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছরই এ সময়ে মজুদ কমে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়। এ কারণে দাম বাড়ে।
খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে শুকনা মরিচ ও হলুদের সরবরাহ কমে সংকট দেখা দিয়েছে। এর ফলে দাম বাড়তে শুরু করেছে। গতকাল একদিনেই মরিচের দাম কেজিতে প্রায় ৩ টাকা বেড়েছে। এদিন পণ্যটি কেজিপ্রতি ৭৭ থেকে ১১৫ টাকায় লেনদেন হয়েছে।
বাজার আমদানিকৃত ও দেশীয় উভয় ধরনের মরিচের দামই বেড়েছে। গতকাল প্রতি কেজি ভারতীয় মরিচ বিক্রি হয়েছে ১১৪-১১৫ টাকায়। কয়েক দিন আগেও পণ্যটি ১০৬-১০৮ টাকায় বিক্রি হয়েছিল। অন্যদিকে স্থানীয় জাতের পঞ্চগড়ের মরিচের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা। গতকাল পণ্যটি ৭৭-৮০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া কুমিল্লার বিন্দু মরিচের দাম কেজিপ্রতি ৮-১০ টাকা বেড়ে ১০৮ টাকায় বিক্রি হচ্ছে।
সংকট থাকায় আস্ত হলুদের দামও ঊর্ধ্বমুখী। কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি দেশী হলুদের দাম বেড়েছে ৭-১০ টাকা। গতকাল পণ্যটি ১১৮-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভারতীয় হলুদের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা বেড়ে ১১৮-১১৯ টাকায় লেনদেন হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, মূলত অক্টোবর থেকেই রবি মৌসুম শুরু হয়। ডিসেম্বরে বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সরবরাহ শুরু হয়। কিন্তু এ বছর বিরূপ আবহাওয়ার কারণে আগাম রবি শস্য উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে এক মাস ধরে আগাম পণ্য সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে। আগাম অর্ডার চলে আসায় মরিচ ও হলুদের দাম বাড়ছে। বাড়তি লাভের আশায় বেপারিরাও বাজারে পণ্যের সরবরাহ কমিয়ে দিয়েছেন।
তারা জানান, দেশে কুমিল্লা, ভোলা, রায়পুর, বগুড়া, পঞ্চগড়, চট্টগ্রামের হাটহাজারীতে মরিচের আবাদ হয়। দেশীয় মরিচের মান ভালো হলেও আমদানিকৃত মরিচ দেখতে ভালো। তাই খুচরা বাজারে এর চাহিদা বেশি থাকে। দামও দেশীয় মরিচের চেয়ে বেশি। অন্যদিকে দেশে সবচেয়ে বেশি হলুদ উৎপাদন হয় পার্বত্য চট্টগ্রামে। ক্রেতাদের কাছে এ পণ্যের কদর বেশি। চলতি বছর অতিবৃষ্টির কারণে উভয় পণ্যের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আগে থেকেই বাজারে দাম বৃদ্ধির প্রবণতা আছে।