পাম অয়েলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে পণ্যটির দাম আগের দিনের তুলনায় দেড় শতাংশের বেশি কমে সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমেছে। আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দরপতনের জের ধরে এদিন মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দাম কমেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
সর্বশেষ কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগস্টে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েল বিক্রি হয় ২ হাজার ৪১৫ রিঙ্গিত (স্থানীয় মুদ্রা) বা ৬০৬ ডলার ৭৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কম। চলতি মাসের ১৭ তারিখের পর এটাই মালয়েশিয়ার বাজারে প্রতি টন পাম অয়েলের সর্বনিম্ন দাম। অন্যদিকে বিগত সাত সপ্তাহের মধ্যে একক দিন হিসেবে সর্বশেষ কার্যদিবসে পণ্যটির দাম সবচেয়ে বেশি কমেছে। দিন শেষে দেশটির বাজারে মোট ২১ হাজার ৪৬৮ লট (প্রতি লটে ২৫ টন) পাম অয়েল বেচাকেনা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মালয়েশিয়ায় গত সপ্তাহে পাম অয়েলের দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। মূলত ডলারের বিপরীতে রিঙ্গিতের দুর্বল বিনিময় মূল্য ও আন্তর্জাতিক বাজারে রফতানি চাহিদা কমার জের ধরে এ সময় পণ্যটির দামে ঊর্ধ্বমুখিতা দেখা দেয়। সপ্তাহান্তে ঘুরে দাঁড়িয়েছে পাম অয়েলের বাজার পরিস্থিতি। এজন্য আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দরপতনকে চিহ্নিত করেন তারা।
সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি টন সয়াবিন তেলের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে পণ্যটির দাম আগের দিনের তুলনায় টনপ্রতি ১ শতাংশ কমেছে। একই বাজারে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় কমেছে ১ দশমিক ৭ শতাংশ। এর প্রভাবে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দাম সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
এদিকে মে মাসের ধারাবাহিকতায় জুনেও পাম অয়েলের ওপর ৫ শতাংশ হারে রফতানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড। মজুদ কমিয়ে আনা ও দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে চলতি বছরের জানুয়ারিতে পাম অয়েল রফতানিতে শুল্ক অব্যাহতির সুবিধা চালু করেছিল দেশটি। এরপর থেকে গত এপ্রিল পর্যন্ত এ সুবিধা চালু ছিল। এ সুবিধার আওতায় রফতানি বেড়ে যাওয়ায় মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কমে আসে। গত এপ্রিলে দেশটিতে পণ্যটির মজুদ দাঁড়ায় ২১ লাখ ৭০ হাজার টনে, যা সাত মাসের মধ্যে সর্বনিম্ন।
