সর্বনিম্ন অবস্থা কাটিয়ে চাঙ্গা ডলার




এশিয়ার শেয়ারবাজারগুলো ধুঁকতে থাকলেও প্রায় ১৩ মাসের নিম্ন অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আসন্ন বৈঠক এবং দেশটির শিল্পকারখানা ও সেবা খাতের কার্যক্রম প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে বৃদ্ধির পূর্বাভাসে গতকাল মঙ্গলবার ডলারের মান আবার চাঙ্গা হয়ে ওঠে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ফেডের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। এবারের বৈঠকে সুদের হার পরিবর্তন নিয়ে কোনো প্রত্যাশা না থাকলেও ব্যবসায়ীরা ধারণা করছেন ভবিষ্যতে তা বৃদ্ধি করা নিয়ে আভাস পাওয়া যেতে পারে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক কবে নাগাদ তাদের ব্যালেন্স শিট সংকোচন শুরু করবে তা নিয়েও ইঙ্গিত পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে চলতি সপ্তাহটিকে মার্কিন অর্থনীতির পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। আগামী শুক্রবার দ্বিতীয় প্রান্তিকের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হবে। পাশাপাশি বড় কোম্পানিগুলোও তাদের সার্বিক কার্যক্রমের হালনাগাদ তথ্য প্রকাশ করবে। এছাড়া রাজনৈতিক কারণেও চলতি সপ্তাহটি পর্যবেক্ষকদের অন্যরকম গুরুত্ব পাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সিনেটে দেয়া এক সাক্ষ্যে জানিয়েছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে তিনি কোনো ধরনের আঁতাত করেননি।
ওএএনডিএর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান স্টিফেন ইনস বলেন, হোয়াইট হাউজের সব উপদেষ্টার কংগ্রেসের শুনানিতে অংশগ্রহণের মতো বিষয়গুলো বাজার আস্থায় প্রভাব ফেলছে। তবে ফেডের বৈঠক ও প্রবৃদ্ধি-বিষয়ক তথ্য প্রকাশকে সামনে রেখে ডলারের মান আবার চাঙ্গা হয়ে উঠেছে।
এদিকে গত মঙ্গলবার ডলারের মান ও মার্কিন ট্রেজারির ইল্ড বৃদ্ধি পেয়েছে। গতকাল ছয়টি শীর্ষস্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের মান দাঁড়ায় ৯৩ দশমিক ৯৬-এ। একদিন আগেই যা ছিল ২০১৬ সালের জুন মাসের পর সর্বনিম্ন (৯৩ দশমিক ৮৩)। এছাড়া গতকাল মঙ্গলবার ১০ বছরমেয়াদি মার্কিন ট্রেজারির ইল্ড দাঁড়ায় ২ দশমিক ২৫ শতাংশ। গত সোমবারের তুলনায় (২ দশমিক ২৬ শতাংশ) এই ইল্ড খুব একটা বেশি বৃদ্ধি না পেলেও শুক্রবারের তিন সপ্তাহের সর্বনিম্ন অবস্থা থেকে তা বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতের কার্যক্রম নিয়ে মার্কিটের জরিপে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল পাওয়ার আভাস পাওয়া গেছে। মার্কিটের জরিপে ইউরো অঞ্চলের প্রবৃদ্ধি দ্বিতীয় প্রান্তিকে এসে শ্লথ হয়ে পড়ার আভাস পাওয়া গেছে। এ খবরে গত সোমবার ইউরোর মান কমে যায়। অথচ গত সোমবার ইউরোর মান ডলারের বিপরীতে দুই বছরের সর্বোচ্চে অবস্থান করছিল।
ডলারের মান আবার চাঙ্গা হয়ে উঠলেও মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে আবার পতন দেখা যায়। এশিয়া-প্যাসিফিকের বৃহৎ শেয়ারসূচক এমএসসিআই দশমিক ১ শতাংশ কমে যায়। অস্ট্রেলিয়ার শেয়ার সূচকে দশমিক ৮ শতাংশ উল্লম্ফন হলেও জাপানের নিক্কেইয়ের পতন ঘটে দশমিক ১ শতাংশ। এছাড়া দক্ষিণ কোরিয়ার কস্পি দশমিক ২ শতাংশ, চীনের সিএসআই সূচক দশমিক ৩ শতাংশ ও সাংহাই কম্পোজিটের দশমিক ১ শতাংশ পতন হয়।
তবে ভারতের শেয়ারবাজারে ছিল উল্টো চিত্র। গতকাল ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ইনডেক্স প্রথমবারের মতো ১০ হাজার পয়েন্টের সীমা অতিক্রম করে। দেশটির শীর্ষ ৫০ কোম্পানির নিবন্ধন রয়েছে নিফটিতে। গতকাল দিনের লেনদেন শুরুর প্রথমভাগেই সূচকটি দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। বলা হচ্ছে, সরকারের নেয়া অর্থনৈতিক সংস্কারমূলক কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়েছে ব্যবসায়ীদের ওপর।