বিশ্বব্যাপী সাইবার আক্রমণে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০২১ সাল নাগাদ সাইবার হামলার কারণে বিশ্ব অর্থনীতির বার্ষিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। শুধু ২০১৬ সালে সাইবার আক্রমণের ঘটনায় বিশ্ব অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার কোটি ডলার।
জানা গেছে, ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী নয় হাজার কোটি তথ্য বা রেকর্ড চুরি হয়েছে। এর মধ্যে চলতি বছরের প্রথমার্ধেই প্রায় ২০০ কোটি তথ্য খোয়া গেছে।
লয়েডস ও সিয়েন্সের যৌথ এক প্রতিবেদনে বলা হয়, একক বৃহৎ সাইবার আক্রমণের ঘটনায় ৫ হাজার ৩০০ কোটি ডলারের মতো ক্ষতি হতে পারে, যা আর্থিক ক্ষতির দিক থেকে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির সঙ্গে তুলনীয়।
জাতীয় নিরাপত্তায় নেতৃস্থানীয় ভূমিকা রয়েছে, এমন ৩৫২ জনের ওপর একটি জরিপ চালানো হয়েছে। জরিপের তথ্যে বলা হয়, যুক্তরাষ্ট্রে সাইবার হামলার ঝুঁকি রয়েছে ৪৫ দশমিক ১ শতাংশ, যা সন্ত্রাসবাদ নয় এমন ক্ষেত্রে ২৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে অন্য যেকোনো ধরনের আক্রমণের চেয়ে সাইবার আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।
নিউইয়র্কভিত্তিক বীমা কোম্পানি মার্শ এলএলসি ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইউরোপে বেশকিছু বৈশ্বিক কোম্পানিকে নতুন গোপনীয়তা আইন করতে হচ্ছে। বিভিন্ন কোম্পানির প্রায় ৭৮ শতাংশ জ্যেষ্ঠ নির্বাহী আগামী এক বছরের মধ্যে সাইবার ঝুঁকি মোকাবেলায় ব্যয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছেন।
বৈশ্বিক আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি জানায়, নিরাপত্তা লঙ্ঘনের মাত্র ১০ শতাংশ খরচ কমিয়ে প্রতি বছর বৈশ্বিক উদ্যোগের ১ হাজার ৭০০ কোটি ডলার অর্থ সাশ্রয় করা সম্ভব।
সাইবার নিরাপত্তা খাতে ব্যয় বাড়ছে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রধানত চারটি খাতে ব্যয় বাড়ছে। যেমন— নিরাপত্তা বিশ্লেষণ (এসআইইএম), হুমকি নিরাপত্তা, মোবাইল নিরাপত্তা ও ক্লাউড নিরাপত্তা। ধারণা করা হচ্ছে, ২০২১ সাল নাগাদ বৈশ্বিক নিরাপত্তা খাতে ব্যয় বেড়ে ১৮ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছাবে।
গত বছর স্মার্টফোনভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক উবারের সার্ভার থেকে ৫ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরি করেছিল হ্যাকাররা। চুরি যাওয়া তথ্যের মধ্যে ছিল গ্রাহকের নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর। এর মধ্যে ছয় লাখ চালকের নাম ও লাইসেন্সের তথ্যও ছিল। উবার তথ্য চুরির এ ঘটনা গোপন রাখার বিনিময়ে হ্যাকারদের ১ লাখ ডলার পরিশোধ করেছিল। তবে ঘটনা প্রকাশ পেলে উবার বিষয়টি স্বীকার করে নেয়।
বিশ্বব্যাপী প্রতি বছর কোটি কোটি নতুন ডিভাইস ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে। এগুলোর মধ্যে সব ডিভাইস নিরাপদ নয়। নিরাপত্তা ত্রুটিসংবলিত ডিভাইসের কারণে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। ফলে সাইবার নিরাপত্তার বিষয়টি আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বড় ধরনের সাইবার হামলাগুলোয় ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চেয়ে অনেক বেশি হয়। বর্তমানে ব্যক্তি, সরকার ও বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার বিষয় প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন কোম্পানি এখন নিজেদের তথ্য সুরক্ষিত করতে আগের চেয়ে বেশ তত্পর হয়ে উঠেছে। সাইবার হামলার হুমকি বেড়ে যাওয়ায় তাদের মধ্যে এ বিষয়ে তত্পরতা বাড়ছে। এ খাতে তারা আগের চেয়ে বিনিয়োগও বাড়াচ্ছে।
আরও পড়ুন; হ্যাকারদের ১ লাখ ডলার দিয়েছে উবার
মালয়েশিয়ার সব মোবাইলের ডেটা হ্যাক
৭১ কোটি ইমেল আইডি হ্যাকারদের কবলে
বার্সার টুইটার অ্যাকাউন্ট হ্যাক
ফের হ্যাকের শিকার ‘এইচবিও’
