সাকিব চেয়েছিলেন করোনা মুক্ত পৃথিবীতে আসবে তার দ্বিতীয় সন্তান। তা আর হলো কোথায়? করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব যখন দুঃসংবাদ পেয়েই চলেছে তখন সাকিব আল হাসানের পরিবারে সুসংবাদ। আবারো বাবা হয়েছেন সাকিব আল হাসান।
পারিবারিক সূত্রে জানা গেছে আরো এক কন্যা সন্তানের জনক হয়েছেন সাকিব। সদ্য ভূমিষ্ট সাকিব কন্যা ও সাকিবপত্নী দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
কিছুদিন আগে নিজের অফিশিয়াল ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে মেয়ে আলাইনার ছবি দিয়ে সেখানে সাকিব ক্যাপশনে লিখেছিলেন ‘বিগ সিস্টারহুড’।
ছবিতে আলাইনার হাতে একটি ছোট্ট শিশুর জামা, যেখানে লেখা ওয়েলকাম হোম। একই ছবি একই ক্যাপশনে পোস্ট করেছিলেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরও। ইঙ্গিতটা ছিল স্পষ্ট, তাই কমেন্ট বক্সে তখন অভিনন্দন বার্তায় ভেসে যান সাকিব ও শিশির।
২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের নভেম্বরে শিশিরের কোল আলো করে পৃথিবীতে আসে আলাইনা।
এরপর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই জায়গা মিলিয়েই থেকেছেন সাকিব পরিবার। যুক্তরাষ্ট্রেই জন্ম নিল সাকিবের ছোট কন্যা।
https://www.instagram.com/p/B-q2NE8ASdx/?utm_source=ig_embed
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় বর্তমানে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আছেন সাকিব। আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে তার ওপর। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষদিকে তা উঠে যাবে।

