সাক্ষীর কাঠগড়ায় ফেসবুক গুগল টুইটার




এবার সাক্ষীর কাঠগড়ায় দাড়াতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য ডাক পড়েছে তাদের।

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তিবিষয়ক এই তিন প্রতিষ্ঠানকে সাক্ষ্য দিতে হবে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটিতে। সিনেটের এক সহযোগী গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তিন প্রতিষ্ঠান আগামী ১ নভেম্বর একটি উন্মুক্ত শুনানিতে অংশ নেবে। প্রেসিডেন্ট নির্বাচনে যেসব ইস্যু অনলাইনে ভিন্নভাবে ছড়িয়ে পড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে প্রচ্ছন্নভাবে ভূমিকা রেখেছে, তার ওপরই এই শুনানি অনুষ্ঠিত হবে।

সিনেটে শুনানির আগে অবশ্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির সামনেও সাক্ষ্য দিতে পারে গুগল, ফেসবুক ও টুইটার। রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে এই কমিটির তদন্ত পরিচালনা করছেন প্রতিনিধি পরিষদের সদস্য মাইক কোনাওয়ে ও অ্যাডাম স্কিফ। বুধবার জানানো হয়, তাঁরাও এই তিন প্রতিষ্ঠানকে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ব্যাপারে কংগ্রেস ও যুক্তরাষ্ট্রের জনগণ এই তিন প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি শুনতে চায়।

ফেসবুক সম্প্রতি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ক্রেতারা গত বছর এক লাখ মার্কিন ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটির পেজগুলোয় প্রায় তিন হাজার বিজ্ঞাপন দিয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এসব বিজ্ঞাপনের কোনো না কোনো প্রভাব ছিল। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্যও তদন্তকারীদের কাছে হস্তান্তর করেছে ফেসবুক। এসব প্রতিবেদন অনুসারে, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ওই বিজ্ঞাপনগুলোয় প্রচ্ছন্নভাবে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে রাশিয়াবিরোধী মনোভাবের কারণে এই প্রচারণায় শেষ বিচারে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পই লাভবান হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে অবশ্য চলতি মাসের শুরুর দিকে ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্টামোস বলেছিলেন, এই বিপুল পরিমাণ বিজ্ঞাপনে অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বা কোনো প্রার্থীকে ভোট দেওয়ার কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে আদর্শগত দিক থেকে রাজনৈতিক এবং সমাজে বিভক্তি সৃষ্টিকারী বার্তা ছড়ানো হয়েছে এসব অ্যাকাউন্ট থেকে। সমকামিতা, বর্ণবাদ, অভিবাসন ও বন্দুক রাখার অধিকার নিয়েই আলোচনা হয়েছে এসব বিজ্ঞাপনে।

গুগল সরাসরি জানিয়ে দিয়েছে, নির্বাচনের প্রচারণার সময় প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রচারণায় ব্যবহৃত হয়নি। তবে মার্কিন ডিজিটাল মাধ্যম বাজফিডের তথ্যমতে, গুগলের স্বয়ংক্রিয় ব্যবস্থায় বিজ্ঞাপনদাতারা সরাসরি কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বিজ্ঞাপন প্রচার করতে পারে।

এদিকে ফেসবুক ‘ট্রাম্পবিরোধী’ বলে যে অভিযোগ বুধবার মার্কিন প্রেসিডেন্ট করেছিলেন, তা ওই দিনই প্রত্যাখ্যান করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। ট্রাম্প এক টুইটে অভিযোগ করেন, ফেসবুক তাঁর বিরুদ্ধে কাজ করছে। এর প্রতিবাদ জানিয়ে এক ফেসবুক পোস্টে জাকারবার্গ বলেন, প্রচারণার সময় ফেসবুকে বিভিন্ন ধরনের আধেয় (কনটেন্ট) নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন ট্রাম্প। এ সময় ফেসবুকের সিইও স্মরণ করিয়ে দেন, সামাজিক যোগাযোগের এই মাধ্যমের ‘গেট আউট দ্য ভোট’ উদ্যোগের কারণেই ২০১৬ সালের নির্বাচনে প্রায় ২০ লাখ মানুষ ভোট দিতে নিবন্ধন করেছিলেন