আজ শুক্রবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে সোনার ১২টি বারসহ বুদু হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুদুর বাড়ি কেঁড়াগাছির সীমান্তবর্তী খাল ধার এলাকায়। সকালে উপজেলার কেঁড়াগাছি সীমান্তে বাড়ি থেকে ওই ব্যক্তি ধরা পড়েন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা ক্যাম্পের নায়েক সুবেদার সবুবের নেতৃত্বে কাকডাঙ্গা বিওপির নায়েক শওকত হোসেন, আব্দুল রাকিবসহ ২০-২৫ জন বিজিবি সদস্য বুদু হোসেনের বাড়িতে অভিযান চালায়। বুদুকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি তার কাছে সোনার বার থাকার কথা স্বীকার করেন।

