করোনাভাইরাসকে ঘরে ফিরেছে জয়পুরহাটের সাত বছরের সেই শিশুটি। শুক্রবার রাতে জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর আইএইচটি’র আইসোলেশন থেকে বাড়ি ফেরে সে।
জানা যায়, ওই শিশুটি দরিদ্র মা-বাবা ও আর দুই ভাইবোনের সঙ্গে ঢাকার নারায়ণগঞ্জে থাকতো। এরই মাঝে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে অনেকটা লুকোচুরি করেই পরিবারের সঙ্গে চলে আসে গ্রামের বাড়ি জয়পুরহাটের পুরানাপৈল ইউনিয়নের হেলকুন্ডা গুচ্ছগ্রামে।
গত ২৮ এপ্রিল স্থানীয় এক স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় নারায়ণগঞ্জ ফেরত ওই পরিবারটির সব সদস্যের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় একটি ল্যাবে।
পরে ২৯ এপ্রিল রাতে স্থানীয় সিভিল সার্জনের মাধ্যমে জানানো হয়, ওই পরিবারের সব সদস্যের রিপোর্ট নেগেটিভ আসলেও দুর্ভাগ্যবশত শিশুটির রিপোর্ট পজেটিভ এসেছে।
এ সময় শিশুটির বাড়িসহ পাশের চারটি বাড়িও লকডাউন করা হয়েছিল। সবশেষ আইএইচটি’র আইসোলেশনে ১৫ দিন চিকিৎসা শেষে শুক্রবার রাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে শিশুটি।
তবে শিশুটির সঙ্গে স্বেচ্ছায় আইসোলেশনে থাকা বাবার ঘরে ফেরা হয়নি। কারণ, পজিটিভ রোগীদের সঙ্গে থাকার কারণে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো রিপোর্ট আসেনি।

