সারাবিশ্বে সবসময়ের বিতর্কিত বর্নবিদ্বেষ। এবার যেন সেই বিতর্ককে আরো উষ্কে দিচ্ছে একটি সাবান।ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোড়গোল ফেলে দিয়েছে এই সাবানযন্ত্রের ভিডিও।
নাইজেরিয়ার চুকওয়ুএমেকা আফিকবো নামে এক যুবক টুইটারে এমন ভুতুড়ে কিংবা সেয়ানা যন্ত্রসাবানের ছবি পোস্ট করার পর দিনভর হইচই সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যেই দেড় লক্ষ বার রি-টুইট হয়েছে ছবিটি। উঠেছে মন্তব্যের ঝড়।
একটি পাঁচতারা হোটেলের ওয়াশরুমে আবিষ্কৃত হয়েছে এই খুড়োর কল। সেনসর-লাগানো স্বয়ংক্রিয় কলের নীচে হাত পাতলেই সাবান বেরিয়ে আসে। সেখানে কোনও বিশেষত্ব নেই।
কিন্তু, এই কল যে বর্ণবিদ্বেষী! সে হাতের বর্ণ চেনে। ফরসা-হাত পাতলে সে অকৃপণ। সাবান বের হচ্ছে গলগলিয়ে। কিন্তু বিপত্তি কালো-হাত পাতলেই। যন্ত্র নিথর। সাবানের স-ও বের হচ্ছে না।
আবার কালো-হাতে সাদা টিস্যুপেপার জড়িয়ে নিলেই যন্ত্র সাবান দিচ্ছে অকাতরে। কাগজ সরিয়ে নিলেই সে চুপ। শোরগোলের প্রেক্ষিতে নড়ে বসেছে হোটেল কর্তৃপক্ষ। বলছে, যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু, নিন্দুকরা বলছে, যন্ত্রের কোনও দোষ নেই। যন্ত্রী তাকে যেমন চালাচ্ছে, সে তেমনই চলছে।
তবে পদার্থবিদরা বলছেন অন্য কথা। তাদের ভাষায়, এ গুলি আদতে সেন্সর নির্ভর৷ পদার্থ বিজ্ঞানের ভাষায় যাকে বলে এলডিআর বা লাইট ডিপেন্ডেণ্ট রেজিস্টেন্স৷ সাধারণ ভাবে হাত পাতলে এর থেকে নির্গত রশ্মি আটকে যায়৷ তখনই সার্কিটের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়৷ সাবান বা জল পরার পরিস্থিতি তৈরি হয়৷ আবার অনেক ক্ষেত্রে আলোর প্রতিসরণ-প্রতিফলনকেও কাজে লাগিয়ে এমন কাজ করা যেতে পারে৷ এ ক্ষেত্রে এমনটাই হতে পারে৷ সম্ভবত, ওই সাবানের বাক্স থেকে এমন রঙের রশ্মি বের হচ্ছিল যাকে কালো রঙ শুষে নিচ্ছিল, ফলে প্রতিফলন হচ্ছিল না৷ সাদা বা অন্য রঙের ক্ষেত্রে প্রতিফলন সহজে সম্ভব হচ্ছিল।
