সামাজিক মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের হাইলাইটস




২০১৮ সালে অয়োজিত ফিফা বিশ্বকাপের ২১ তম আসরের খেলাগুলোর হাইলাইটস প্রদর্শনের জন্য মরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এজন্য নাকি টিভি চ্যানেল ফক্স-কে লাখ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিচ্ছে তারা।
সম্প্রতি এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল ফক্স বিশ্বকাপ ফুটবলের এই আসরের খেলাগুলো প্রচারের জন্য ৪০ কোটি ডলার পরিশোধ করেছে। এই খেলাগুলোর হাইলাইটস প্রচারের সত্ত্বাধিকার পেতে চেষ্টা চালাচ্ছে ফেসবুক, টুইটার ও স্ন্যাপচ্যাট। পরিচয় প্রকাশ না করা দুইটি সূত্র এমন তথ্যই প্রকাশ করেছে।
ফক্স খেলাগুলো সরসরি সম্প্রচার করলেও, রাশিয়া আর যুক্তরাষ্ট্রের সময়ের ব্যবধানের কারণ যুক্তরাষ্ট্রের খেলাগুলোর হাইলাইটস-এর চাহিদা থাকবে। যার ফলে ফক্স-এর কাছ থেকে অধিকার পেলে নিজেদের প্লাটফর্মে বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন মূহুর্তের ভিডিও প্রচারের মাধ্যমে সামাজিক মাধ্যমগুলো ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের সঙ্গে তাদের যোগাযোগ বাড়াতে পারবে। এ থেকে প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন একটি আকর্ষণীয় আয়ের উৎস তৈরি হবে।
অবশ্য এই সত্ত্বাধিকার বিশেষভাবে কোনো একটি প্রতিষ্ঠানকে দেওয়া হবে নাকি ছড়িয়ে দেওয়া হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ফক্স।