‘সারা বাংলায় ছাত্র জনতার দাবানল জ্বলবে’



কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, আজ সোমবার দুপুরের মধ্যে আটক সব আন্দোলনকারীকে মুক্তি দেওয়া না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা এই আন্দোলনে যুক্ত হবেন।
সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, রোববার তাদের আন্দোলনের মধ্যে সারা দেশে অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে।
তাদের বেলা ১২টার মধ্যে মুক্তি দেওয়া না হলে বিকাল থেকে ‘সারা বাংলায় ছাত্র জনতার দাবানল জ্বলবে’ বলে হুঁশিয়ার করা হয় ওই সংবাদ সম্মেলনে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান সাংবাদিকদের বলেন, ‘আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই, যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আপনার ভাই বা সন্তানের মতো। তাঁরা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না। তাঁরা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন। তাই আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন। তা না হলে আন্দোলনে দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে।’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কয়েকশ আন্দোলনকারীর উপস্থিতিতে ওই সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র নুরুল হক এবং ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের ছাত্র মো. রাশেদ খান সাংবাদিকদের সামনে কথা বলেন।
তারা দাবি করেন, রোববার রাতে উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে যে হামলা-ভাঙচুর হয়েছে, তার সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই।
‘বাইরের সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলা হয়, টেলিভিশনের লাইভে একজনকে ভিসির বাসভবনের সামনে আগুন ধরাতে দেখা গেছে। তাকে খুঁজে বের করার দাবি জানানো হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে।
বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫৫ শতাংশ বিভিন্ন ধরনের অগ্রাধিকার কোটা রয়েছে। আর বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। এ জন্য এই কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো: কোটার শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ, চাকরির পরীক্ষায় কোটাসুবিধা একবারের বেশি নয়, কোটায় বিশেষ নিয়োগ বন্ধ এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা অভিন্ন করতে হবে।
আরও পড়ুন;
কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ  
‘মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে’
কোটা সংস্কারের দাবিতে রাস্তায় ঝাড়ু দিয়ে প্রতিবাদ কর্মসূচি
মেধা তালিকা থেকে কোটার শূন্য পদ পূরণ
শাহবাগে আন্দোলনকারীদের বিক্ষোভে কাঁদুনে গ্যাস-লাঠিপেটা