দুই দশক আগে রাজস্থানে সিনেমার শ্যুটিংয়ে গিয়ে বেআইনিভাবে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে বলিউড তারকা সালমান খানকে পাঁচ বছরের সাজা দিয়েছে ভারতের যোধপুরের একটি আদালত।
আজ বৃহস্পতিবার সকালে রাজস্থানের যোধপুর আদালতে সালমান খানকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়ায় থমকে গেছে বলিউড।
পাঁচ বছরের কারাদণ্ডে পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় অন্য চার অভিযুক্ত ছিলেন সইফ আলি খান, তব্বু, নীলম এবং সোনালি বেন্দ্রে। তাঁদের অবশ্য বেকসুর ঘোষণা করেছে আদালত। এই রায়ের ফলে সলমনকে আজ রাতে জোধপুর সেন্ট্রাল জেলে কাটাতে হবে।
সালমানের আইনজীবী এইচ এম সারস্বতের দাবি ছিল, সরকারি কৌঁসুলি অভিযোগের স্বপক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়ো সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকী, বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দু’টির মৃত্যু হয়েছিল, তা-ও সরকারি কৌঁসুলি প্রমাণ করতে পারেননি বলে দাবি করেছেন সারস্বত। ২৮ মার্চ নিম্ন আদালতে কৃষ্ণসার মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শেষ হয়।
এর আগে মুম্বাইয়ে সালমানের গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২০১৫ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের একটি আদালত। তবে পরে উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় খালাস পান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৯৯৮ সালের ১ এবং ২ অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শ্যুটিংয়ের মাঝে আলাদা আলাদা জায়গায় দু’টি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান খান। সেই সময় তাঁর সঙ্গে সইফ আলি খান, নীলম, তব্বু এবং সোনালি বেন্দ্রেরা ছিলেন।
রাজস্থানের কঙ্কানি এলাকায় গ্রামবাসীদের বক্তব্য, গুলির শব্দ শুনে তারা সালমাদের জিপসি গাড়িটিকে ধাওয়া করেছিলেন। কিন্তু তাঁদের ধরা যায়নি। সেই সময় চালকের আসনে ছিলেন স্বয়ং সলমন। প্রবল গতিতে গাড়ি ছুটিয়ে তাঁরা পালিয়ে যান বলে দাবি করেন গ্রামবাসীরা।
বলিউড সূত্রের খবর, এই মুহূর্তে সালমানের উপর এক হাজার কোটিরও বেশি লগ্নি রয়েছে। তাঁর সাজা হওয়ায় অনিশ্চিত হয়ে পড়ল এই ফিল্মগুলির ভবিষ্যত্। বলিউডের এই জনপ্রিয় তারকা জেলে যাওয়ার পর শুরুতেই সংকটে পড়বে ১০০ কোটি রুপি বাজেটের ‘রেস থ্রি’ ছবিটি। এবার ঈদ উপলক্ষে আগামী ১৫ জুন ছবিটি মুক্তি দেওয়ার কথা। নির্মাতারা আশা করছেন, আগের দুটি ‘রেস’ সিরিজের ছবির থেকে এই ছবি কয়েক গুণ বেশি ব্যবসা করবে। কিন্তু ছবির নায়ক অপরাধী সাব্যস্ত হয়ে জেলে যাওয়ায় হোঁচট খাবে ছবির প্রচারণা।
