গেল ২৪ ঘণ্টায় নেদারল্যান্ডসে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায় নি। মার্চের পর প্রথম দেশটিতে এমন ঘটনা ঘটে।
ডাচ কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে কেউ মারা না গেলেও দেশটিতে আরও ৬৯ জন করোনা পজিটিভ হিসেবে শানাক্ত হয়েছে।
দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘গত একদিনে নতুন করে কোনো মৃত্যু হয়নি।’
নেদরাল্যান্ডস সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর দেশে এখন পর্যন্ত মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৪৯ হাজার ৬৫৮ জন। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৯০ জন মারা গেছে। মৃত্যুহারে অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি।
সাম্প্রতিক দিনগুলোতে নেদারল্যান্ডসে করোনার সংক্রমণ কমেছে। লকডাউন বিধিনিষেধ শিথিল হয়েছে। সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। সচল হয়েছে ব্যবসা কেন্দ্র।

