সিরাজগঞ্জে বাস-ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১০ জন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের কাশেম মোড়ে রোববার (১৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, ইসলামী মাহফিল শেষে করে মাদ্রাসাছাত্র ও শিক্ষক বহনকারী একটি বাস নওগাঁ থেকে ঢাকার বেগুনবাড়ি যাওয়ার সময় মহাসড়কের ওই স্থানে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।
এসময় ঘটনাস্থলেই দু’জন মাদ্রাসাছাত্র ছাত্র নিহত হন। পুলিশ ও দমকল বাহিনীর লোকজন খবর পেয়ে আহতদের উদ্ধার করেন। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন থাকা অবস্থায় একজন শিক্ষক মারা যান। দুর্ঘটনার পরপরই উভয় যানবাহনের চালক-হেলপার পালিয়ে যায়।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম বলেন, ওয়ার্ড ও মর্গে ৩ জনের লাশ রয়েছে। গুরুতর কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

