সিরিয়ায় আইএস’র আলবু কামাল ঘাঁটির দখল নিয়েছে সেনাবাহিনী




আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এখন সিরিয়ার পূর্ব মরু অঞ্চলের অবশিষ্ট কয়েকটি আইএস ঘাঁটিতে লড়াই চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, আলবু কামাল শহর জঙ্গিমুক্ত করাটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে, এর পতন ঘটা মানেই ওই অঞ্চলে আইএস এর দৌরাত্মের অবসান হওয়া। আলবু কামালে জিহাদিরা প্রচণ্ড লড়াই করার পরও তাদের ঘাঁটিটি একদিনেই দখল হয়ে গেছে। এর মধ্য দিয়ে আইএস এর পতন নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন সিরীয় বাহিনীর কমান্ডার।
বুধবার লড়াই চলাকালে হিজবুল্লাহ বাহিনী ইরাকে প্রবেশ করে এবং ইরাকি পপুলার মবিলাইজেশন ফোর্স সিরিয়ায় ঢুকে শহরটির নিয়ন্ত্রণ নিতে সহায়তা করে বলে জানিয়েছেন দামেস্কপন্থি জোটের এক কমান্ডার।
তবে আইএস কমান্ডারদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তারা লড়াইয়ে মারা গিয়ে থাকতে পারে, বন্দি হতে পারে কিংবা কোনও আস্তানায় গা ঢাকা দিয়ে নতুন করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
আলবু কামাল দখলের আগে সিরীয় বাহিনী দেইর আল জোর শহর থেকে আইএস কে বিতাড়িত করা ছাড়াও তাদের ঘোষিত খিলাফতের রাজধানী রাক্কা দখল করে। ওদিকে, ইরাকেও গত জুলাইয়ে আইএস এর দখলমুক্ত হয় মসুল শহর।
তবে আইএস এর সঙ্গে লড়ে আসা ইরাক এবং সিরিয়ার সব বাহিনীরই আশঙ্কা, জঙ্গি গোষ্ঠীটির এ পতন থেকে নতুন করে গেরিলা যুদ্ধ শুরু হতে পারে।
পশ্চিমা নিরাপত্তা বিষয়ক প্রধানরাও বলছেন, আইএস এর একের পর এক এলাকা খোয়ানো মানেই তারা নিঃশেষ হয়ে গেছে তা নয়। তাদের পতনে একক জঙ্গি হামলা থেমে থাকবে না।