সিরিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর আলবু কামালের অর্ধেক অংশ পুনর্দখল করে নিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা বলে খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিষয়টি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এর আগে বৃহস্পতিবার সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করেছিল, মিত্র বাহিনীগুলোর সহায়তায় তারা আলবু কামাল শহরটি পুনরুদ্ধার করেছে।
শহরটিকে আইএসের দখলে থাকা শেষ সিরীয় শহর হিসেবে উল্লেখ করে এই শহরের পতনের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে জঙ্গিগোষ্ঠীটির শাসনের অবসান হয়েছে বলে দাবি করেছিল তারা। তবে আলবু কামালের পতন হলেও নিকটবর্তী ইরাকি সীমান্তে আইএসের সঙ্গে সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনীগুলোর লড়াই অব্যাহত থাকার কথাও জানিয়েছিল তারা।
অপরদিকে শুক্রবার হিজবুল্লাহ পরিচালিত একটি গণমাধ্যম দাবি করেছে, শহরটি পুনরুদ্ধারে অভিযান চলার সময় আলবু কামালে আইএসের প্রধান নেতা আবু বকর আল বাগদাদি অবস্থান করছিলেন। তবে তাদের দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যমটি এবং খবরের সূত্রও উল্লেখ করেনি। অভিযানের শেষে বাগদাদির পরিণতি কি হয়েছে সে বিষয়েও কিছু জানায়নি তারা।
একইদিন আইএসের বিরুদ্ধে অভিযানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বলেছে, বাগদাদি কোথায় আছে সে বিষয়ে তাদের কাছে ‘প্রকাশযোগ্য কোনো তথ্য’ নেই।
আরও পড়ুন; সিরিয়ায় আইএস’র আলবু কামাল ঘাঁটির দখল নিয়েছে সেনাবাহিনী
সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটির দখল নিয়েছে সেনাবাহিনী
প্রিন্স জর্জকে হত্যার হুমকি দিয়েছে আইএস
