হানিমুনে গিয়ে বিপদে পাওলি; উদ্ধার করেছে হেলিকপ্টার




সুইত্জারল্যান্ডে হনিমুনে গিয়েছিলেন অভিনেত্রী পাওলি দাম ও তার স্বামী গুয়াহাটির ব্যাবসায়ী অর্জুন দেব। কিন্তু সেখানে গিয়ে ভয়াবহ বিপদে পড়লেন পাওলি।
আল্পসের গায়ে পিকচার পারফেক্ট হনিমুন করছিলেন পাওলি-অর্জুন। একটি স্কি রিসর্টে ছিলেন তাঁরা। কিন্তু বুধবার এই অঞ্চলে শুরু হয় তীব্র তুষারপাত। বন্ধ হয়ে যায় রেল ও সড়ক যোগাযোগ। তাই এখানে আটকা পড়েন প্রায় ১৩ হাজার পর্যটক। তাঁদের মধ্যে ছিলেন পাওলি ও অর্জুন।
জানা গিয়েছে, গত বুধবার ওই রিসর্টের সমস্ত পর্যটকদের হেলিকপ্টার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে ছিলেন পাওলি এবং অর্জুনও। সকলেই সুস্থ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পাওলির ভাষায়, তুষারপাত যে কী ভয়ংকর রূপ নিতে পারে, তা এবারই প্রথম দেখেছেন তাঁরা। তবে সুইজারল্যান্ড থেকে পাওলি আর অর্জুন যাবেন দুবাইয়ে। তারপর ১৬ জানুয়ারি ফিরে আসবেন পাওলির শ্বশুরবাড়ি গুয়াহাটিতে।
এদিকে তাঁরা নিরাপদে ফিরে আসায় কলকাতার প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রতীম ডি গুপ্ত, অরিন্দম শীল ঈশ্বররের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, ওরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছে।